ঢাকায় তিন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার পাকিস্তানের তিন নাগরিককে গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয় । ছবি: প্রথম আলো
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার পাকিস্তানের তিন নাগরিককে গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয় । ছবি: প্রথম আলো

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে পাকিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে। মেহমুদ (২৬), উসমান (২৩) ও ফকরুল হাসান (৫০) নামের এই তিন ব্যক্তি মূলত মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা (রোহিঙ্গা)। তাঁরা অনেক দিন ধরে সপরিবারে পাকিস্তানে বসবাস করছেন ও সে দেশের নাগরিকত্ব নিয়েছেন।
তবে ডিবির দাবি করছে, এই তিন ব্যক্তি পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সদস্য। তিনজনই অশিক্ষিত। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও পাসপোর্ট আইনে দুটি মামলা করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপকমিশনার কৃষ্ণপদ রায়, শেখ নাজমুল আলম ও মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে ও সহকারী কমিশনার রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল রোববার রাতে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর ফটক থেকে তেহরিক-ই-তালেবানের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে মেহমুদ ও উসমানের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। আর ফকরুল হাসানের কাছ থেকে তাঁর পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার হলেও তাতে ভিসার মেয়াদ উত্তীর্ণ ছিল। তাঁরা সবাই টেকনাফে যাওয়ার জন্য কাকরাইল এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বোমা তৈরির নির্দেশিকা ও সমরাস্ত্রের প্রশিক্ষণের তথ্যসমৃদ্ধ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মেহমুদ ও উসমানের পাসপোর্ট তাঁদের কোনো গডফাদারের কাছে থাকতে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। কারা এ দেশে তাঁদের আশ্রয়দাতা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা দাবি করেন, এই তিন ব্যক্তি পাকিস্তানের ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় তেহরিক-ই-তালেবানের কাছ থেকে বোমা তৈরি, ব্যবহার, বিভিন্ন প্রকার আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরবর্তী সময়ে তাঁরা মিয়ানমারভিত্তিক ‘তেহরিক-ই-আজাদি আরাকান’ নামক একটি সংগঠনের ব্যানারে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছিল।