ঢাকায় তিনজনের দেহে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গেছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, তাঁরা ঢাকার ১৮টি মুরগির বাজারে পর্যবেক্ষণ চালিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণাঞ্চলের একটি বাজারে মুরগির আড়তের একজন কর্মীর দেহে বার্ড ফ্লুর জীবাণু শনাক্ত করেন। এরপর আরও দুজনের দেহে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া যায়।মোশতাক হোসেন জানান, এ নিয়ে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ছয়জনের শরীরে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গেল। আইইডিসিআরের নীতি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় না।দেশের বিভিন্ন স্থানে খামারে গত কয়েক মাসে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পর অনেক মুরগি নিধন করা হয়। আইইডিসিআর বলছে, সাধারণত শীত মৌসুমেই মুরগির বার্ড ফ্লু হয়। তবে গরমেও মাঝেমধ্যে বার্ড ফ্লু ছড়াতে পারে।মোশতাক হোসেন বলেন, ‘মুরগির বাজারে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে মুরগি জবাই ও কাটাকাটি হয়। আক্রান্তরা সবাই বার্ড ফ্লু আক্রান্ত মুরগি কাটাকাটির সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা সবাই দক্ষিণ ঢাকার একটি বাজারের কর্মী।’বার্ড ফ্লু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মোশতাক হোসেন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। যাঁরা মুরগি ধরছেন, কাটাকাটি করছেন, তাঁদের গ্লাভস পরতে হবে। মুরগির বাজারে কোনো মুরগি মারা গেলে প্রাণী সম্পদ বিভাগে খবর দিতে হবে।