ঢাকায় তেল ও গ্যাস নিয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘তেল ও গ্যাস উত্তোলন প্রযুক্তি’-বিষয়ক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গাজপ্রম ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এবং পেট্রোবাংলার সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ সকাল ১০টায় এ সেমিনার শুরু হবে।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।আরেফিন সিদ্দিক জানান, সেমিনারে দেশের ভূতত্ত্ব বিজ্ঞানীরা ছাড়াও রাশিয়ার ৪৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। এতে বাংলাদেশের পক্ষে দুটি ও রাশিয়ার পক্ষে আটটি তেল-গ্যাসবিষয়ক বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। উপাচার্য বলেন, বাংলাদেশে তেল-গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ খাতকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। এই সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তির বিনিময়।আরেফিন সিদ্দিক আশা প্রকাশ করেন এর মাধ্যমে বাংলাদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের সঙ্গে রাশিয়ার বিজ্ঞানীদের মধ্যে খনিজ বিষয়ে উন্নত প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের আদান-প্রদান হবে এবং এর মাধ্যমে দেশ উপকৃত হবে।আজ সেমিনারের প্রথম দিনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নকোলিভ। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল, ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, গাজপ্রমের উপদেষ্টা পরিচালক এডওয়ার্ড শেভচেংকো, বাংলাদেশ প্রতিনিধি অ্যালবার্ট কস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।