ঢাকা ওয়াসার ৭১৫টি গভীর নলকূপের পাম্পের মধ্যে প্রতিদিন গড়ে ১৪টি বন্ধ থাকে। এ জন্য রাজধানীর প্রায় দুই লাখ মানুষ পানি পায় না।
গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এ তথ্য জানান। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের কাজ, পানির স্তর নেমে যাওয়াসহ নানা কারণে প্রতিদিন ওয়াসার ১৪টি পাম্প বন্ধ থাকে। একটি পাম্প থেকে ১৫ হাজার মানুষ পানি পায়। সেই হিসাবে প্রায় দুই লাখ লোক পানি পায় না। তবে এবার শুকনো মৌসুমে ঢাকায় পানির বড় কোনো সংকট হবে না।
এমডি বলেন, এখন মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরাসহ কিছু পকেট এলাকায় (রাস্তার প্রান্তসীমায়) সাময়িক সমস্যা হচ্ছে। এই সমস্যাও যাতে না থাকে, তার জন্য তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। সমস্যা মোকাবিলায় ১০টি নতুন পাম্প বসানো হচ্ছে এবং ১৫টি প্রতিস্থাপিত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় পানির পাম্প চালু রাখতে ওয়াসার ৪৫৮টি জেনারেটর প্রস্তুত আছে। ২২১টি দ্বৈত (ডুয়েল) বিদ্যুৎ সংযোগযুক্ত পানির পাম্পও রয়েছে। অলিগলিতে পানি সরবরাহের জন্য ১৬টি ট্রাক্টর রয়েছে। রয়েছে ৩৬টি পানির গাড়ি। চলতি বছরের মধ্যেই ঢাকার বস্তিগুলোর অবৈধ পানির সংযোগ বৈধ করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, পানির স্তর নেমে যাওয়ায় বেশ কিছু পাম্পকে প্রতিস্থাপন করতে হচ্ছে। আবার প্রতিস্থাপিত করলেও সেখানে পানি পাওয়ার নিশ্চয়তা থাকছে না। নিয়ম অনুযায়ী দুই হাজার ফুট দূরে গভীর নলকূপ বসাতে হয়। কিন্তু জায়গার অভাবে ৫০০ ফুটের মধ্যেও বসাতে হচ্ছে।
পানির সমস্যা ছিল কালও: পুরান ঢাকা, মধ্য ঢাকা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গতকালও পানির সমস্যা ছিল। মিরপুর ১৪ নম্বর, কাফরুল ও আশপাশের এলাকায় সারা দিনে পানি ছিল খুব কম। কাফরুল থানার বিপরীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বহুতল ভবনগুলোয় পানি এলেও দ্রুত চলে গেছে। বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ওয়াসাকে লিখিত অভিযোগ জানাবেন।
মিরপুর পীরেরবাগ, আহম্মদনগর, জোনাকি রোড এলাকায় পানির সংকট আরও বেড়েছে। সেখানে প্রায় ৪০০ বাসায় পানি না থাকায় এলাকাবাসী মহাদুর্ভোগে আছেন বলে জানিয়েছেন। জোনাকি রোডের বাসিন্দা মতিউর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ পানি না থাকলেও ওয়াসার কোনো তৎপরতা দেখা যায়নি। তাঁরা ১০ নম্বরের পানির পাম্প থেকে পানি সংগ্রহ করেছেন। অনেকে পানি কিনছেন।
মগবাজারের মধুবাগসহ আশপাশের এলাকায় কাল পানি ছিল না। গেন্ডারিয়ার দীননাথ সেন, সতীশ সরকার লেন, বাগিচা, পার্শ্ববর্তী ধূপখোলায় পরিস্থিতির উন্নতি হয়নি।
সদরঘাট, পাটুয়াটুলী, শাঁখারীবাজার, পানিটোলা, রাখাল চন্দ্র বসাক লেন, ঝুলনবাড়ী, রাজার দেউরী, রাধিকা মোহন বসাক লেন, তাঁতীবাজার এলাকার বাসিন্দারা গতকালও পাম্প ও রাস্তার কল থেকে পানি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
বাসাব, কদমতলাসহ আশপাশের এলাকার বাসিন্দারা কদমতলা ক্লাব পাম্প ও বৌদ্ধমন্দির পানির পাম্প থেকে পানি সংগ্রহ করেছেন।
রাজধানীর লালমাটিয়া এলাকায় দুই দিন পানি না থাকলেও গতকাল সরবরাহ স্বাভাবিক ছিল। কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিটেও পরিস্থিতির উন্নতি হয়েছে।