ঢাকায় দোকানপাটের সাপ্তাহিক ছুটির গেজেট প্রকাশ
রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, বিপণিবিতানের সাপ্তাহিক ছুটির দিন-তারিখ নির্ধারণ করে দেবে সরকার। এসব অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ছাড়া সব ধরনের দোকানপাট সপ্তাহে এক দিন বন্ধ থাকবে। ১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। গতকাল মঙ্গলবার এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাজধানীতে বিভিন্ন দোকান ও বিপণিবিতান সপ্তাহে এক দিন পূর্ণদিবস বা অর্ধদিবস বন্ধ থাকে। মালিকপক্ষ তাঁদের সুবিধামতো এ সিদ্ধান্ত নেয়। এতে যানজট কমানো বা বিদ্যুত্ সাশ্রয়ের লক্ষ্য সাধিত হচ্ছে না। এ কারণেই মন্ত্রণালয় থেকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। গেজেট প্রকাশ হওয়ায় এটি এখন কার্যকর হলো। এখন প্রশাসনিক আদেশ জারি করা হবে। তিনি জানান, পুলিশ, দোকান মালিক ও মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে প্রয়োজনে একটি তদারক কমিটি করা হবে। মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, এক দিন বন্ধ রাখার পক্ষে তাঁরা মত দিলেও আরেক দিন আধা বেলা বন্ধের ব্যাপারে তাঁদের আপত্তি আছে। আধা বেলা সময় ব্যবসায়ী বা শ্রমিক কারও কাজে আসে না।