ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক। রবার্ট গিবসনের উত্তরসূরি হিসেবে তিনি আগামী বছরের শুরুতে বাংলাদেশে দায়িত্ব নেবেন। বর্তমান ইসলামাবাদে যুক্তরাজ্যের উপ-হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যালিসন ব্লেক।
আজ সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশে সাড়ে চার বছর দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগ দেবেন রবার্ট গিবসন। তিনি ২০১১ সালের জুলাইতে বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে যোগ দেন। বর্তমানে রবার্ট গিবসন ঢাকায় কূটনৈতিক কোরের ডিনের দায়িত্ব পালন করছেন।
লন্ডনের অধিবাসী অ্যালিসন ব্লেক প্রাচীন ও আধুনিক ইতিহাসের ব্যাপারে আগ্রহী এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছেন। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি শেষে লন্ডনে প্রত্নতত্ত্ববিদ হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে অ্যালিসন ব্লেক অর্থনীতি বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পেশাদার কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন।