ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট
মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট

ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট৷ তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে গত ২২ মে মার্সিয়া বার্নিকাটকে মনোনীত করেন৷
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল শনিবার এ তথ্য জানায়৷
সাধারণত মার্কিন প্রেসিডেন্ট কোনো দেশে একজন রাষ্ট্রদূত হিসেবে কাউকে মনোনীত করেন৷ এরপর মনোনীত ব্যক্তি মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে অংশ নেন৷ শুনানি শেষে ওই কূটনীতিকের নিয়োগ চূড়ান্ত হয়৷
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়া বার্নিকাটের মনোনয়নের বিষয়টি ইতিমধ্যেই মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিকে জানানো হয়েছে৷ সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানির পর তাঁর মনোনয়ন অনুমোদন করা হবে৷ এরপর বাংলাদেশে পঞ্চদশ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়া বার্নিকাটের নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত হবে৷
হোয়াইট হাউসের গত ২২মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্সিয়া বার্নিকাট বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনেগাল ও গিনি বিসাউতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন৷ এর আগে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক অধিদপ্তরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন৷ ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷