ঢাকায় নববর্ষে নিরাপত্তায় ১১ হাজার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো ঢাকা মহানগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা দায়িত্ব পালন করবেন। উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক এলাকা যানবাহনমুক্ত থাকবে। তিনি বলেন, উত্তরের বাংলামোটর ক্রসিং; পশ্চিমে কাঁটাবন, নীলক্ষেত ও পলাশি ক্রসিং; দক্ষিণে বকশীবাজার, শহীদুল্লাহ হল, রোমানা চত্বর ও সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং এবং পূর্বে জিরো পয়েন্ট ইউবিএল ও কাকরাইল চার্চ ক্রসিং এলাকা দিয়ে কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবে না।

উৎসবে যাঁরা আসবেন, নিরাপত্তার জন্য তাঁরা ছুরি, কাঁচি, ভ্যানিটি ব্যাগ, পোঁটলা-জাতীয় ব্যাগ, দেশলাই, লাইটার সঙ্গে নিয়ে আসতে পারবেন না। এই এলাকায় যাতে কোনো ছিনতাই ও নারীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার মতো ঘটনা না ঘটে, এ জন্য সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উৎসবস্থলের পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

পয়লা বৈশাখে ঢাকা মহানগরে বিকেল পাঁচটার পরে কোনো উন্মুক্তস্থানে সমাবেশ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশ চলবে। ইনডোরে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিকেল পাঁচটার পর সমাবেশ করা যাবে। ওই দিন উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকা হকারমুক্ত রাখা হবে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে হকার থাকতে পারবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার ও বের হওয়ার পৃথক প্রবেশপথ থাকবে। প্রতি প্রবেশপথে আর্চওয়ে থাকবে। সবার দেহ তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে। গোটা উৎসবে ভুভুজেলা নিষিদ্ধ থাকবে। পুলিশের পক্ষ থেকে উৎসবে আগত ব্যক্তিদের ফুল, পানি ও বাতাসা বিতরণ করা হবে।

সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ব্যক্তিদের ঢুকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া কোনো গাড়ি ওই এলাকায় ঢুকতে পারবে না। পয়লা বৈশাখের দিন ঢাকা মহানগরে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী থাকবে না। স্ত্রী ও নাবালক সন্তানের ক্ষেত্রে তা ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা হবে।