ঢাকায় না দিলে হাজার হাজার সমাবেশ হবে: বাবুনগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আগামীকাল ঢাকায় মহাসমাবেশ করতে না দিলে বাংলাদেশে হাজার হাজার সমাবেশ করব।’ সেই সঙ্গে সচিবালয় ঘেরাও করা হতে পারে বলে তিনি জানান।

আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় মাদ্রাসায় এক ব্রিফিংয়ে জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘পুলিশের বাধার মুখে আমরা আজ ঢাকায় যেতে পারিনি।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল মহাসমাবেশ করতে না দিলে সারা দেশ থেকে হেফাজতের নেতাদের হাটহাজারীতে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখানে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাবুনগরী আরও বলেন, ‘আমরা জানি না কেন সরকার আমাদের শান্তিপূর্ণ দ্বীনি সমাবেশে বাধা দিচ্ছে। রোববার রাত থেকে পুলিশ ও প্রশাসন আমাদের বিরক্ত করছে। তার পরও আমরা আল্লাহর ওপর ভরসা করে ঢাকায় রওনা দিলাম। সেখানে আমাদের বাধা দেওয়া হলো। স্বাধীন দেশে সমাবেশ করতে না দেওয়া গণতন্ত্র হরণ ছাড়া আর কিছু নয়।’
তবে ঢাকায় আগামীকাল মঙ্গলবারের মহাসমাবেশ নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের তরফ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী মহাসমাবেশ স্থগিত করার কথা জানিয়েছিলেন। আজ রাজধানীর বারিধারার জামেয়া মাদানিয়া মাদ্রাসায় সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকারের বাধার কারণে আমাদের মহাসমাবেশ বাস্তবায়ন করতে পারছি না।’ তিনি সরকারের বাধার নিন্দা জানান এবং এর বিচারের ভার জনগণের আদালতে দেন।
তবে যোগাযোগ করা হলে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী প্রথম আলো ডটকমকে বলেন, সমাবেশ স্থগিত করার কোনো সিদ্ধান্ত তাঁরা এখনো নেননি। সমাবেশের অনুমতি লাভের জন্য সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন মহলের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।
গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরের সমাবেশে যোগ দিতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সংগঠনের নেতা-কর্মীরা। এরপর অনির্দিষ্ট সময়ের জন্য শাপলা চত্বরে অবস্থানের ঘোষণা দেন তাঁরা। তবে রাত আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের কারণে ওই দিন পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ ও মতিঝিল এলাকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে। তারা ঘর থেকে বের হতে পারছিল না। এমনকি পল্টন এলাকায় অনেক অফিসের কর্মীরা আটকা পড়েন।
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানায় বিএনপি ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।