ঢাকায় নামল 'ডিজিটাল বাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরটিসির একটি ‘ডিজিটাল’ বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে। ছবি: মনিরুল আলম
বিআরটিসির একটি ‘ডিজিটাল’ বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে। ছবি: মনিরুল আলম

ইন্টারনেট সুবিধা নিয়ে ঢাকার রাস্তায় নামল বিআরটিসি বাস। ওয়াই-ফাই সুবিধা-সংবলিত বিআরটিসির ১০টি বাস আজ বৃহস্পতিবার থেকে রাজধানীতে চলাচল শুরু করেছে। একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে।
ডিএমপি নিউজের এক খবরে বলা হয়েছে, ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত নতুন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে ‘ডিজিটাল বাস’। বাসটি কখন কোথায় অবস্থান করছে, যাত্রীরা তা ঘরে বসেই জানতে পারবেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে ফার্মগেট মোড়ে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
খবরে বলা হয়, প্রথম দফায় ওয়াই-ফাই সুবিধা-সংবলিত ১০টি বাস নামানো হলেও পর্যায়ক্রমে বিআরটিসির আরও বাসে এই প্রযুক্তি বসানো হবে। প্রতিটি বাসে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে।

খবরে আরও বলা হয়, বিআরটিসির ডিজিটাল বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। বর্তমানে মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। বিষয়টি মাথায় রেখেই বাসে ওয়াই-ফাই যুক্ত করা হয়েছে।