ঢাকায় নিখোঁজ শিশু রাজবাড়ী থেকে উদ্ধার
ঢাকা থেকে নিখোঁজ আঁখি খাতুন (৮) নামের এক শিশুকে রাজবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশুটির বাবার নাম আলমগীর হোসেন। তিনি ঢাকার বনানী থানার মহাখালী এলাকার বাসিন্দা। এর আগে সন্তানের খোঁজ না পেয়ে শিশুটির মা আসমা বেগম শুক্রবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিবেশী ও গার্মেন্টসকর্মী কাঞ্চনমালা (২৮) শিশুটিকে ঘুরতে নেওয়ার কথা বলে বের হন। এরপর কাউকে না জানিয়ে তিনি বাসে ঢাকা থেকে পাটুরিয়া ও পরে ট্রেনে রাজবাড়ীতে আসেন। এ সময় শিশুটিকে নিয়ে রাজবাড়ীর নতুন বাজার বাসস্ট্যান্ডে গেলে সে কাঁদতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে স্থানীয় পৌর কাউন্সিলরের নিজস্ব কার্যালয়ে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আসমা বেগম জানান, বাড়ির আশপাশে ঘোরার কথা বলে আঁখিকে নিয়ে বের হন কাঞ্চনমালা। আঁখিকে কোথাও খুঁজে না পেয়ে তিনি থানায় জিডি করেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিয়ার রহমান বলেন, গতকাল শনিবার সকালে শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হয়েছে। আর কাঞ্চনমালাকে বনানী থানার এসআই জহুরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।