ঢাকায় নিরাপত্তা জোরদার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো সফরসূচি সাজানো হয়েছে নিরাপত্তা ছক ধরে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে বিশেষ নিরাপত্তা বাহিনী ছাড়াও থাকছে বোমা নিষ্ক্রিয়কারী দল। আশপাশে থাকবে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশ। র্যাবের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে। মোদির সফরসঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মোদির সফরের সময় রাজধানীর সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে না। তবে গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করবে, সেসব সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য কড়াকড়ি আরোপ করা হবে।
নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে ঢাকায় আসবেন নরেন্দ্র মোদি। তবে তিনি আসার আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি ঢাকায় পৌঁছেছে। গতকাল শুক্রবার থেকেই হোটেল সোনারগাঁও ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হোটেলের চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের চারদিকের ফুটপাত বন্ধ করে দেওয়া হয়েছে।