ঢাকায় নিরাপত্তা জোরদার

নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর কমপক্ষে ৫০টি জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে, এমন তথ্য রয়েছে তাঁদের হাতে। এ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন অঞ্চলের পুলিশ কর্মকর্তারা ভোর থেকে দায়িত্ব পালন করছেন। গতকাল বুধবার থেকে মিরপুর, আগারগাঁও, বিজয়নগর, প্রেসক্লাব, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সন্ধ্যার পর থেকে নিরাপত্তাব্যবস্থা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
সরেজমিন ঘুরে প্রথম আলো ডটকমের প্রতিবেদক ও আলোকচিত্রী জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন রাস্তায় দাঙ্গা দমনের গাড়ি (রায়ট কার) মোতায়েন করা হয়েছে।
এদিকে, আজ জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাকরি জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে সমাবেশ করছে। এ সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আসার কথা রয়েছে। ইতিমধ্যে এলাকাটিতে উপস্থিত হয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। প্রেসক্লাব এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।