ঢাকায় নিরাভরণের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমন্ত্রণপত্রের শুরুতে আয়োজকেরা লিখেছেন, ‘হে দর্শক, শরৎ ফুরিয়েছে প্রায়/ মেঘের পিঠে মেঘ ভেসে যায়’। গতকাল শনিবার দিনটা রোদের হাসি দিয়ে শুরু হলেও দুপুর থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি। বিকেলে আকাশ কালো করে ঝুম বৃষ্টি আয়োজকদের নিমন্ত্রণভাবনাকে সার্থক করে তোলে। বাইরে বৃষ্টি, মেঘের গর্জন। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নানা বাদ্যযন্ত্রের লহরী, করতালি, নাচ, গানসহ বিচিত্র এক আয়োজন। এমন পরিবেশে গতকাল শুরু হলো নিরাভরণ থিয়েটারের উৎসব।
নিরাভরণ থিয়েটার ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় নিয়মিত নাট্যচর্চারত একটি নাট্যদল। ২০০৭ সালে নাট্যদলটির প্রতিষ্ঠা। এর মধ্যে সাতটি নাট্য প্রযোজনা সম্পন্ন করেছে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানেরও অন্তর্ভুক্ত হয়েছে। নিরাভরণ থিয়েটারের অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে গতকাল থেকে শুরু হলো দুই পর্বের নাট্যোৎসব। একাডেমীর স্টুডিও থিয়েটারে প্রথম পর্বের উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। পরীক্ষণ থিয়েটারে ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে ‘জন্ম সাঁজের সাজ কাজ উৎসব’ শীর্ষক মোট ছয় দিনের উৎসব। উৎসবের স্লোগান ‘শরৎ শীতের সন্ধি সাঁজে, নিরাভরণ শাঁখ বাজে’। এবারই প্রথম এ উৎসবটি ঢাকায় হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন সংগীতশিল্পী সাংসদ মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম। সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. নুরুদ্দিন।
উদ্বোধনের পর মঞ্চস্থ হয় আনন জামানের লেখা ও নির্দেশনায় নিরাভরণ থিয়েটারের নাটক জুইমালার সইমালা। আজ মঞ্চস্থ হবে সামন্ত নথি। আগামীকাল থাকবে স্কাইলাসের প্রমিথিউস বাউন্ড-এর আশ্রয়ে আনন জামানের লেখা ও মোস্তাফিজুর নুরের নির্দেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস।