ঢাকায় নির্মিত হবে 'জাতীয় চলচ্চিত্র কেন্দ্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে গতকাল বক্তৃতা করেন নায়করাজ রাজ্জাক l প্রথম আলো
রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে গতকাল বক্তৃতা করেন নায়করাজ রাজ্জাক l প্রথম আলো

দেশের চলচ্চিত্র সংসদের কর্মী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকায় একটি পূর্ণাঙ্গ জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। গতকাল শনিবার চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরা শিল্পকলা একাডেমিতে জাতীয় চলচ্চিত্র সভার আয়োজন করেন। সবার দাবির পরিপ্রেক্ষিতে এবার ঢাকায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই’ শীর্ষক জাতীয় চলচ্চিত্র সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এ অনুষ্ঠানের সভাপতি ‘নায়করাজ’খ্যাত রাজ্জাক বলেন, ‘এখন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তাঁরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন। একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন উভয় পক্ষের মধ্যে চাই একতা।’ নতুন নির্মাতারা ‘সিনেপ্লেক্সভিত্তিক’ সিনেমা নির্মাণ করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা এবার বলাকা, মধুমিতা আর পুরান ঢাকার সিনেমা হলগুলোর জন্যও ছবি বানান। এই নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তাঁরা সিনেমা হলে লোক টানতে সক্ষম।’
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা, কর্মীরা দাবি তুলছেন জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসারের জন্য এই কেন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রটি ঢাকার প্রাণকেন্দ্রেই নির্মিত হবে। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের মূল মডেল ও প্রস্তাব উত্থাপন করবেন বলে জানান তিনি।
এতে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি লাইলুন নাহার।
সভায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া উপস্থাপন করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। এতে বলা হয়, এই কেন্দ্রটি জাতীয় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় ও সহায়ক ভূমিকা পালন করবে।