ঢাকায় নিশা দেশাই, কাল দুই নেত্রীর সঙ্গে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশা দেশাই বিসওয়াল
নিশা দেশাই বিসওয়াল

দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে নিশার প্রথম বাংলাদেশ সফর।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি প্রথম আলো ডটকমকে মুঠোফোনে জানান, তিনদিনের সফরে নিশা দেশাই আজ দুপুরে টোকিও থেকে ঢাকায় পৌঁছেছেন।
ঢাকা সফরে নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্রে জানা গেছে, কাল রোববার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং রাত আটটায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নিশা দেশাই।
এ তিনটি আলোচনায় চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজুর সঙ্গে নিশা দেশাইয়ের সাক্ষাতের কথা রয়েছে। রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই চলমান রাজনীতি ও আসন্ন নির্বাচন, তৈরি পোশাকশিল্পের শ্রমমান পরিস্থিতি, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারি সংলাপ প্রসঙ্গে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর ওই অঞ্চলের দেশগুলোতে পরিচিতিমূলক সফরে যান। নিশা দেশাই এমন এক সময়ে ঢাকায় আসছেন, যখন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক সংকট চলছে। এতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশা দেশাইয়ের এ সফরে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে।