ঢাকায় পর্যটন মেলা বৃহস্পতিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে পঞ্চম এশিয়ান পর্যটন মেলা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা চলবে ১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ টুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) এর সহযোগিতায় পর্যটন বিচিত্রা এ মেলার আয়োজন করছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মেলার প্রধান আয়োজক পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শনীয় পর্যটন স্থানগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। এ ছাড়া আসন্ন পর্যটন মৌসুমের জন্য বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল বা প্যাকেজ বুকিং এর ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিম পার্ক ও বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মেলার উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এ বছর মেলায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার প্রবেশ কুপনের বিপরীতে সবার জন্য থাকবে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্যে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া র‍্যাফল ড্রতে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা এয়ার টিকিট, হলিডে গিফট ভাউচার, হোটেল গিফট ভাউচারসহ আকর্ষণীয় সব উপহার থাকবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খানসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।