ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার বসতবাড়ি, বিপণিবিতান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ জন্য পুলিশের টহলের ব্যবস্থা থাকবে। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হবে। একই সঙ্গে এলাকাভিত্তিক কমিউনিটি পুলিশ কাজ করবে।
আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে। ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। মাঠে পুরুষ ও নারীর প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর গেট বসানো হবে। ঈদগাহ মাঠে জামাত উপলক্ষে মৎস্য ভবন, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন মোড় ও দোয়েল চত্বর এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।
পুলিশের সোয়াত টিমের সদস্যরা মাঠজুড়ে অবস্থান করবে। এলাকাজুড়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহল দেবে।
ডিএমপি কমিশনার জানান, বায়তুল মোকারমসহ অন্যান্য স্থানের ঈদের জামাতেও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানান, রাজধানী ঢাকায় ৩০০টি ঈদের জামাত হবে। জাতীয় ঈদগাহে ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করবে।