ঢাকায় পাঁচ ঘণ্টায় কুকুরের কামড়ে ১৬ জন আহত
রাজধানীতে গতকাল মাত্র পাঁচ ঘণ্টায় কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। এদের ১৩ জনকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, সকাল আটটা থেকে বেলা একটার মধ্যে রাজধানীর গুলিস্তান, লালবাগ, গোলাপশাহ মাজার এবং দোয়েল চত্বর এলাকায় ১৬ জন কুকুরের কামড়ের শিকার হয়। রক্তাক্ত অবস্থায় ১৩ জনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল মোট ২৭ জন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে।আহত ব্যক্তিরা হলেন: আবদুল কুদ্দুস (৮২), সামির (৬), হোসেন (২৫), সুমন (৩২), শাহিদুল (৯), জান্নাত (৮), সাইদুর (১২), জয়নুল (২৫), শহীদুল ইসলাম (১৮), শহীদুল (৮), আবদুল লতিফ (৬৮), রাসেল (১৮) ও সেলিম (৩৫)। যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, কুকুর নিধনের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে পুলিশ কুকুর নিধনে ব্যবস্থা নেবে।