ঢাকায় পাঠানো হয়েছে হারুন ইজাহারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেজামী ইসলামী পার্টির (একাংশ) সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ঢাকা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ঢাকায় গত ৫ মে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার তিনটি এবং মতিঝিল থানার দুটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আগামী সোমবার আদালতে হাজির করা হতে পারে। সেখানে রিমান্ড মঞ্জুর হলে হারুন ইজাহারকে জয়েন্ট ইন্টারগেশন সেলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ঢাকার পাঁচ মামলার আসামি হারুন ইজাহারকে ঢাকায় আদালতে হাজির করা হতে পারে। তাঁকে গতকাল দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, হারুন ইজাহারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে খুলশী থানা-পুলিশ। ৭ অক্টোবর মাদ্রাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গা ঢাকা দেন হারুন ইজাহার ও মুফতি ইজাহার। ৯ অক্টোবর রাতে হাটহাজারীর ইছাপুর থেকে হারুন ইজাহারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাঁকে এক মামলায় জিজ্ঞাসাবাদ করে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই লোকমান হোসেন বলেন, অ্যাসিড মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর আছে। তাঁকে ঢাকার মামলাগুলোর রিমান্ডের আদেশ পেলে জয়েন্ট ইন্টারগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হবে।
অপর দিকে, গত ৫ মে ঢাকায় হেফাজতের সমাবেশে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক, রাষ্ট্রদ্রোহ, পুলিশের কাজে বাধাদান ও ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া তিনটি মামলায় এবং মতিঝিল থানার দুটি মামলায় হারুন ইজাহারকে গ্রেপ্তার দেখিয়ে ২১ অক্টোবর কারাগারে পাঠান আদালত।