ঢাকায় পাতালরেল করতে চায় সেতু বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যানজট নিরসনে পাতালপথে রেল (সাবওয়ে) নির্মাণের পরিকল্পনা করছে সেতু বিভাগ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সায়েদাবাদ এবং আমিনবাজার থেকে টিকাটুলী পর্যন্ত দুটি সম্ভাব্য পথও ঠিক করে একটি প্রস্তাব তৈরি করেছে সরকারের এই সংস্থাটি।
গতকাল বনানীর সেতু ভবনে বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক সভায় এই প্রস্তাব তুলে ধরে সেতু বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ঢাকায় সাবওয়ে করা যায় কি না, সে বিষয়ে কাজ করতে নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের এই আয়োজন।
প্রাথমিকভাবে সেতু বিভাগের পাতাল রেলের পরিকল্পনার মধ্যে বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত পথটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। আমিনবাজার থেকে টিকাটুলী পথের দূরত্ব ১৬ কিলোমিটার। মোট ৪৮ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণে প্রায় ৬৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে গতকাল প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ। তথ্য বিবরণী।