ঢাকায় পানি সরবরাহ অবকাঠামো উন্নত হচ্ছে
রাজধানী ঢাকায় বসবাসকারী নাগরিকদের জন্য পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন অবকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৩ হাজার ১৮২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ও ট্রেন্সলেস (রাস্তা না কেটে) প্রযুক্তি ব্যবহার করে পানি সরবরাহ করা হবে। এতে ১ হাজার ৬৪৯ কিলোমিটার পানির পাইপলাইন স্থাপন, পুনর্বাসন কিংবা সংস্কার করা হবে। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। ঢাকা ওয়াসা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পানি ব্যবহারের অপচয় রোধে পর্যায়ক্রমে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করা হবে।
এ ছাড়া একনেকে ৫৬৮ কোটি টাকার ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ড কেব্লে রূপান্তর, ক্ষমতাবর্ধন এবং স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ঢাকা ও গাজীপুরের মিরপুর, উত্তরা, দক্ষিণখান, টঙ্গী ও দ্বিগুণ এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।
এ ছাড়া একনেকে এ প্রকল্পটিসহ মোট ৬ হাজার ৯৫০ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৪ হাজার ১৪৭ কোটি টাকা দেওয়া হবে। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৬৬২ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ১৪১ কোটি টাকা।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২ হাজার ৩৮৮ কোটি টাকার বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়) ; ২৫১ কোটি টাকার ডেসকোর উত্তরা ও বসুন্ধরা ১৩২ / ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন ও পুনর্বাসন প্রকল্প; ৩৫০ কোটি টাকার ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্প এবং ২৯ কোটি টাকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প।