ঢাকার নিম্ন আদালতের বিচারকেরা স্বাভাবিকভাবেই বিচারকাজ করেছেন। বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের আদালতে কর্মবিরতি কর্মসূচি থাকলেও কাল তাঁদের মামলা পরিচালনা করতে দেখা গেছে। তবে হাইকোর্টে অবকাশকালীন ছুটি চলছে। এদিকে চট্টগ্রামে বিএনপিপন্থী আইনজীবীদের অনুরোধে এজলাস থেকে নেমে যান মুখ্য মহানগর হাকিম। এ ছাড়া এজলাসে বসেননি অন্য ১৬ জন বিচারক। সেখানে কর্মসূচি চলাকালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষ আদালত প্রাঙ্গণের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়।
গত রোববার ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা ঘটে। বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলা চালান সরকারি দলের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে সারা দেশে আদালতে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত, মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর হাকিম আদালতগুলোতে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই বিচারকাজ চলেছে। আইনজীবীরাও তাঁদের কাজ করেছেন।