ঢাকায় পুলিশ র্যা ব বিজিবির টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, কূটনৈতিক এলাকার নিরাপত্তা বিধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে রাজধানীতে পুলিশ ও র্যাবের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দিচ্ছে। গতকাল সোমবার আদালতপাড়া ও ধর্মীয় উপাসনালয়ের সামনেও বিশেষ নিরাপত্তা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কেও পুলিশি নজরদারি অব্যাহত আছে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলা হয়েছে, পুলিশ ফোর্সের স্বল্পতা এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে। তাই দুই হাজার আনসার প্রয়োজন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে আনসার ও ভিডিপির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী মহল সাম্প্রতিক সময়ে দেশে গুপ্তহত্যা ও নাশকতায় লিপ্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় পেট্রলিং, চেকপোস্ট, ব্লক রেড, তল্লাশি অভিযান, দৃশ্যমান ও অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা বাড়াতে বিপুল ফোর্স নিয়োজিত করা হয়েছে। এতে ফোর্সের স্বল্পতা সৃষ্টি হয়েছে এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে।
এই অবস্থায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, কূটনৈতিক এলাকার বিভিন্ন দূতাবাস, ঢাকায় আন্তর্জাতিক সংস্থার স্থানীয় কার্যালয়, দূতাবাস-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয় ও ব্যক্তিনিরাপত্তা বিধান এবং কূটনীতিকদের আবাসিক এলাকার পাশাপাশি ঢাকায় বসবাসকারী বিভিন্ন দেশের কমিউনিটির জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন অফিস-আদালত, আবাসিক এলাকাভিত্তিক যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিতে ডিএমপিকে সহযোগিতা করতে এই আনসার প্রয়োজন।
এদিকে আদালত অঙ্গনে নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পুলিশের লালবাগ বিভাগকে আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানোর বিষয়টি অবহিত করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে আরও চারটি আর্চওয়ে বসানোর জন্য পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশপথে বসানো দুটি আর্চওয়ের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আইনজীবী ও বিচারপ্রার্থীদের দেহ তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবী ও বিচারপ্রার্থীদের কেউ কেউ ঝগড়ায় জড়িয়েছেন। কোতোয়ালি থানার ওসি মো. হাসান বলেছেন, আদালত এলাকায় টহল পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। আইনজীবী এফ এম রেজাউল করিম বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশি করা হচ্ছে। এ বিষয়টি আইনজীবী ও বিচারপ্রার্থীদের বুঝতে হবে। তা না হলে নিরাপত্তা বিঘ্নিত হবে। এই আদালতপাড়া বিভিন্ন সময়ে জঙ্গি হামলার শিকার হয়েছে।
এদিকে গতকাল তেজগাঁওয়ে একটি গির্জার সামনে পুলিশকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে টহল দিতে দেখা গেছে। তেজগাঁও থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রতিদিন দুটি পালায় তেজগাঁও থানার পুলিশ গির্জায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। ওই গির্জার একজন কর্মচারী বলেন, ‘প্রার্থনার সময় ফাদার বেঁধে দিয়েছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা। আগে যেকোনো সময় যে কেউ এসে প্রার্থনা করতে পারতেন। এখন আর পারছেন না। যদি এ সময়ের পরে কেউ প্রার্থনা করতে চান, তাঁকে ফাদারের অনুমতি নিতে হবে।’ তিনি আরও বলেন, রোববার তিনজন অপরিচিত ব্যক্তি গির্জায় ঢুকে গিয়েছিল। এ নিয়ে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
গির্জায় প্রার্থনা করতে আসা এক ব্যক্তি বলেন, ‘মানুষের মধ্যে আতঙ্ক আছে। মন চাইলেই কেউ আর প্রার্থনা করতে আসতে পারছেন না। গুলশানের ঘটনার পর সবার মধ্যেই একটা আতঙ্ক তৈরি হয়েছে। তাই সামান্য কিছুতেও মানুষ ভয় পাচ্ছে। গির্জার মূল ফটক দিয়ে তিনজন ঢুকে গেছে, রাত নাগাদ আমি শুনলাম, ১২ জন দেয়াল টপকে ঢুকেছে। এই হলো সমস্যা।’