এমব্রয়ডারি কারখানায় দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাজীপাড়ায় এমব্রয়ডারির একটি কারখানায় আগুন লেগে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

কারখানাটি একটি ছয়তলা ভবনের নিচতলায়। কারখানার প্রোডাকশন ম্যানেজার নুরুজ্জামান জানান, ঘটনার সময় পাঁচ শ্রমিক কাজ করছিলেন। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবন জানান, ১৩/১ পূর্ব কাজীপাড়ার মাতবর পুকুরপাড় এলাকায় ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ছুটে যায়। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

মিরপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোখলেস জানান, কারখানার একটি কক্ষ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় এবং অন্য একটি কক্ষ থেকে দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ মাইনুদ্দিন ও মাসুমের ৮০ শতাংশ এবং আলামিনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।