ঢাকায় পৌঁছেছে বিমানের 'আকাশ প্রদীপ'
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে তৃতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের ‘আকাশ প্রদীপ’ ঢাকায় এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে যাত্রা শুরু করে ১৬ ঘণ্টা পর গতকাল শুক্রবার বেলা একটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে বিমানবহরে নতুন প্রজন্মের তিনটি উড়োজাহাজ যুক্ত হলো।
বিমান কর্তৃপক্ষ মার্কিন বোয়িং কোম্পানি থেকে কেনা তৃতীয় উড়োজাহাজটির নাম দিয়েছে ‘আকাশ প্রদীপ’। এর আগে একই রকম দুটি উড়োজাহাজ ২০১১ সালে বিমানবহরে যুক্ত হয়। সেগুলোর মধ্যে প্রথমটির নাম ‘পালকি’ এবং দ্বিতীয়টির নাম ‘অরুণ আলো’ রাখা হয়। আগামী মার্চের মাঝামাঝি সময় চতুর্থ বোয়িং উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ বিমানবহরে যুক্ত হবে।
নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ কেনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে চুক্তি করে। ওই চুক্তির আওতায় চারটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর, দুটি ৭৩৭-৮০০ ও চারটি বোয়িং-৭৮৭ পিড্রমলাইনার পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে বাকি উড়োজাহাজগুলো ২০১৯ সালের মধ্যে বহরে যুক্ত হবে।
বিমানবহরে বর্তমানে সাতটি উড়োজাহাজ রয়েছে। উড়োজাহাজ সংকটের কারণে ফ্লাইটের সময়সূচি রক্ষা করতে বিমান কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। বহরে নতুন এসব উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে ফ্লাইটসূচির পরিস্থিতি আরও উন্নত হবে। এ ছাড়া বিমানের বন্ধ হয়ে যাওয়া গন্তব্যগুলোও পর্যায়ক্রমে চালু করার সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে।