ঢাকায় পৌঁছেছে বিমানের ‘পালকি’
বোয়িং কোম্পানি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেনা নতুন প্রজন্মের প্রথম উড়োজাহাজটি গতকাল রোববার ঢাকায় এসে পৌঁছেছে। বিমান কর্তৃপক্ষ এই উড়োজাহাজটির নাম দিয়েছে ‘পালকি’।আগামী ২১ নভেম্বর দ্বিতীয় উড়োজাহাজটি আসার কথা রয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘অরুণ আলো’।বিমান সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বোয়িং-৭৭৭-৩০০ ইআর (এক্সটেন্ড রেঞ্জ)। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ঢাকায় এসে পৌঁছাতে সময় লেগেছে ১৫ ঘণ্টা। ঢাকায় উড়োজাহাজটি গ্রহণ করেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী। বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলাম ও প্রকৌশল বিভাগের পরিচালক আসাদুজ্জামান ওই উড়োজাহাজে চড়েই সিয়াটল থেকে ঢাকায় পৌঁছান।