সামীর বয়স ১০। হাসিখুশি স্বভাব। কী করতে ভালো লাগে জানতে চাইলে বলল, ‘গুইত্তে’(ঘুরতে)। কিন্তু তার শৈশব বন্দী হুইলচেয়ারে। মা জেসমিন আরা বললেন, ঘুরে বেড়াতে ভালোবাসলেও সামীর মতো শিশুদের এ শহরে সেই সুযোগ সমান্য। হুইলচেয়ার নিয়ে সব জায়গায় যাওয়া যায় না।
আইন থাকলেও সরকারি পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের বিনোদনের সুযোগ কম। রাজধানীর পার্ক বা সিনেমা হলগুলোতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা নেই। বিনোদনকেন্দ্রগুলোর নকশাও প্রতিবন্ধীবান্ধব নয়। বিশেষজ্ঞ ও অভিভাবকেরা বলছেন, প্রতিবন্ধী শিশুদের মানসিক উন্নয়নে বিনোদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজ ৩ ডিসেম্বর শনিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে জাতিসংঘ ষোষিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
দিবসটি সামনে রেখে গত কয়েক দিন সরেজমিনে দেখা যায়, ঢাকার কেন্দ্রীয় শিশুপার্কে প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার নিয়ে প্রবেশের কোনো র্যাম্প (ঢালু পথ) নেই। পার্কের রাইড বা টয়লেটও তাদের উপযোগী নয়। অধিকাংশ সিনেমা হল প্রতিবন্ধীবান্ধব নয়। বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা ও মধুমিতায় হুইলচেয়ার নিয়ে প্রবেশের সুবিধা নেই।
মিরপুর স্টেডিয়ামে হুইলচেয়ার প্রবেশগম্য একটি গ্যালারি আছে। তবে কোনো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় তা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। ফলে প্রতিবন্ধীরা তখন গ্যালারিটি ব্যবহারের সুযোগ পান না। জাতীয় চিড়িয়াখানায় প্রতিবন্ধী শিশুদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ আছে, তবে র্যাম্প নেই। চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম বলেন, আলাদা ব্যবস্থা না থাকলেও মূল ফটকের পাশে আরেকটি ফটক মাটির সমান্তরাল হওয়ায় সেই পথে হুইলচেয়ার নিয়ে ঢোকা যাবে। শিশু একাডেমীতে প্রতিবন্ধী শিশুদের শুধু ছবি আঁকা শেখার ব্যবস্থা আছে। তবে সাধারণ শিশুদের সঙ্গে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় না।
ইউনিসেফের ২০১৪ সালে প্রকাশিত ‘বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের অবস্থা বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে সাড়ে আট লাখ থেকে এক কোটি শিশু কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারি সাঁতারের পুল, বিনোদন পার্ক আর জিমনেসিয়ামগুলোতে প্রয়োজনীয় র্যাম্প আর উপযোগী টয়লেটের অভাবে এই শিশুদের প্রবেশগম্যতা বাধাগ্রস্ত হয়।
‘এই বাচ্চাদের বিনোদনের অভাবটা সবচেয়ে বেশি অনুভব করেন অভিভাবকেরা’, এমনটাই বললেন একজন প্রতিবন্ধী শিশুর মা মাফরুহা বেগম। তিনি বলেন, ‘সাধারণত মঞ্চে ওদের জায়গা নেই। পার্কগুলোতে ওদের জন্য ব্যবস্থা নেই। ওদের জন্য আলাদা কিছু হবে, সে তো অনেক দূরের চাওয়া।’
প্রতিবন্ধী অধিকারবিষয়ক জাতিসংঘ সনদের (সিআরপিডি) ৩০ নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী শিশুদের খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমে সম-অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে প্রতিবন্ধীদের সংস্কৃতি, বিনোদন, পর্যটন, অবকাশ ও খেলাধুলায় অংশগ্রহণের অধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া আইনে যত দ্রুত সম্ভব সব ‘গণস্থাপনা’য় প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং তাদের চলাচলের উপযোগী ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু এর বাস্তবায়ন চোখে পড়ার মতো পর্যাপ্ত নয়।
১৯৭৭ সাল থেকে বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশ। তাদের মানসিক বিকাশে বিনোদন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এর মনোবিদ ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, এই শিশুদের বিকাশে বিনোদন খুব জরুরি। সবার সঙ্গে মিশতে দেওয়া, ওদের হাসিখুশি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে বিশেষ শিশুদের শিক্ষা কার্যক্রমও তাই মূলত বিনোদননির্ভর।
বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতার অধিকার নিয়ে কাজ করে ‘বি-স্ক্যান’। তাদের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, ২০০৮ সালের বিল্ডিং কোড অনুযায়ী প্রতিটি গণস্থাপনায় প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ও টয়লেট থাকার কথা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সিনেমা হলগুলোয় প্রতি সারিতে হুইলচেয়ারের জন্য জায়গা থাকতে হবে। বিনোদনসেবার টিকিটে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট ছাড় থাকার কথা। কিন্তু এসব হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধিতা) প্রথম আলোকে বলেন, অধিকাংশ স্থাপনা বেশ আগের। আর আইন হয়েছে ২০১৩ সালে। নতুন স্থাপনাগুলোতে প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা রাখতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিষেয়ে পরামর্শ দিচ্ছে।