ঢাকায় প্রথমবারের মতো কিচেন অ্যান্ড বাথ এক্সপো শুরু হচ্ছে ২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিচেন অ্যান্ড বাথ এক্সপো উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়
ছবি: প্রথম আলো

দেশে প্রথমবারের মতো ‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হবে আগামী ২ জুন।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। এ সময় বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মেলার উদ্বোধন করবেন।

মেলায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তুরস্ক, জাপান, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, চীন, বাংলাদেশসহ ৯টি দেশের ৬০টি ব্র্যান্ড অংশ নিতে যাচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশ এ মেলার আয়োজন করেছে। ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত মেলার স্ট্র্যাট্রেজিক পার্টনার রিহ্যাব।

আয়োজকেরা জানিয়েছেন, কিচেন ও বাথরুমের বিভিন্ন পণ্য প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীদের পণ্য, আধুনিক প্রযুক্তি ও নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়েম বাংলাদেশের পরিচালক (মার্কেটিং) নাসিমুর রহমান। তিন দিনব্যাপী এ প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।