ঢাকায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফর শেষে দেশে ফেরার সময় আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ, তা বাতিল করা হয়েছে।
গতকাল রোববার রাত নয়টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সংবর্ধনা বাতিল করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময়সূচি নির্ধারিত আছে।
সংবর্ধনার সিদ্ধান্ত বাতিল করার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর অনুমতি নেননি। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা সংবর্ধনা প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে বৈঠক করেন। গতকালও যৌথসভা করে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। কিন্তু রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় ওবায়দুল কাদেরের। তখনই সংবর্ধনা বাতিলের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দলীয় সূত্রগুলো জানায়, সন্ধ্যার পর বিপুল লোকের জমায়েত হলে বাসামুখী কর্মজীবী মানুষের দুর্ভোগ হবে। এ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সংবর্ধনা বাতিলের ক্ষেত্রে এমন বিবেচনাও কাজ করেছে।