ঢাকায় ফিরতেও সমান দুর্ভোগ
ঈদে ঘরে ফেরা মানুষ আপনজনদের সঙ্গে উৎসব পালন করে আবার ঢাকায় ফিরছেন। ঘরে ফিরতে তাঁদের যে পরিমাণ দুর্ভোগ সইতে হয়েছে, ফেরার সময়ও সেই একই পরিস্থিতি। দুর্ভোগ কমেনি। বরং কোনো কোনো ক্ষেত্রে দুর্ভোগ যেন কিছুটা বেড়েছে। ট্রেনের টিকিটের সংকট ছাড়াও দেখা দিয়েছে ‘শিডিউল মিস’-এর সমস্যা। ভাঙা রাস্তায় বাস চলতে বিভ্রাট। লঞ্চেও সেই চিরাচরিত ভিড় এবং পৌঁছাতে বিলম্ব। এ সবকিছুর পরে নগরে পা রেখেই পড়তে হচ্ছে লোকাল বাস, রিকশা, ট্যাক্সিক্যাব ও সিএনজিচালিত অটোরিকশার মাত্রাতিরিক্ত ভাড়া দাবির মুখে।গতকাল শনিবার থেকে ঢাকায় ফিরে আসা জনস্রোত বেড়েছে। দীর্ঘ ছুটি শেষে আজ রোববার থেকে দাপ্তরিক কাজকর্ম শুরু হওয়ায় অধিকাংশ মানুষকেই ফিরে আসতে হচ্ছে। এ সুযোগে মিটারের কথা ভুলে তিন গুণ ভাড়া হাঁকছেন সিএনজিচালিত অটোরিকশার চালক। ট্রেন: গতকাল ভোরে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর থেকে আসা ট্রেনগুলোতে ফিরে আসা লোকের সংখ্যা ছিল আসনসংখ্যার প্রায় দ্বিগুণ। লোকাল ট্রেন ও কমিউটার ট্রেনগুলোতে বাদুড়ঝোলা হয়েই ফিরেছে লোকজন। তবে দুপুরের পরে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো প্রায় ফাঁকা ছিল। টিকিটচেকার মো. রাশেদ জানান, সকালে মানুষজনের চাপ বেশি ছিল। কারণ, দু-একটি ট্রেনে বগির সংখ্যা ছিল স্বাভাবিকের তুলনায় কম। আর দুপুরের দিকে বেশির ভাগ ট্রেন থেকে বিভিন্ন স্টেশনে যাত্রী নেমে যাওয়ায় কমলাপুর স্টেশনে এসে নামা যাত্রীদের সংখ্যা কম। কিন্তু ঈদের পর কাজে ফেরার এই চাপের সময় ট্রেনে বগি কমানো হয়েছে কেন?—জানতে চাইলে, তিনি কিছু জানেন না বলে জানান। ‘শিডিউল বিপর্যয়’ কিছুটা রয়েছে জানিয়ে রাশেদ বলেন, প্রতিটি বিরতি স্থানে যাত্রীদের উঠতে-নামতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলেই ট্রেনগুলো ঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না।কমলাপুরে এসেই ঢাকার বিভিন্ন অংশে ছুটে চলেছেন যাত্রীরা। মিরপুর যাওয়ার জন্য অটোরিকশা খোঁজায় ব্যস্ত আরিফ হোসেন জানান, টানা নয় ঘণ্টা দাঁড়িয়ে ঢাকায় পৌঁছেছেন।সরকারের কোনো দিকে ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ করেন আরেক যাত্রী শাহীন খন্দকার। মোহাম্মদপুরে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে খুঁজতে তিনি বলেন, একদিকে রাস্তাঘাট ঠিক নেই, ট্রেনে টিকিট-বগি কম, তার ওপর সিএনজিচালিত লোকাল বাসে অতিরিক্ত ভাড়া।সায়েদাবাদ: পরিবহন শ্রমিকেরা জানান, ঈদের পর ঢাকায় ফেরা লোকজনকে ফিরিয়ে আনতে অনেক স্বল্পপাল্লার বাস (লোকাল বাস) দূরপাল্লার ট্রিপ দিতে চলে গেছে। বিশেষ করে সিলেট, ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ থেকে এসব বাস ‘রিজার্ভ ট্রিপ’ নিয়ে আসার জন্য চুক্তিও করেছে। তবে নির্ধারিত সময়ে ফিরতে পারছে না এসবের অধিকাংশ বাস। সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কাউন্টারের মো. মুনীর জানান, রাস্তা ভাঙা থাকায় গাড়ি ফিরতে অনেক সময় নিচ্ছে। ইউনিক কাউন্টারের জলিল হোসেন জানান, নিয়মিত বাসের সঙ্গে অতিরিক্ত বাসও ছাড়া হয়েছে।সিলেট থেকে ঢাকায় ফেরা যাত্রী হুমায়ুন কবির বলেন, চার ঘণ্টার জায়গায় প্রায় সাত ঘণ্টা লেগেছে আসতে।লঞ্চে বিলম্ব: নদীতে বিপরীতমুখী প্রচণ্ড স্রোত এবং ডুবোচর এড়িয়ে সাবধানে চলতে গিয়ে অধিকাংশ লঞ্চ ঢাকায় পৌঁছাতে অনেক দেরি করছে। ভোর হওয়ার আগেই যেসব লঞ্চ সদরঘাটে পৌঁছার কথা, তার কোনো কোনোটির পৌঁছাতে গতকাল দুপুর গড়িয়ে যায়। ফলে অতিরিক্ত যাত্রীবোঝাই এসব লঞ্চে সকালের খাবার ও পানির সমস্যা দেখা দেয়। লঞ্চের কয়েকজন যাত্রী জানান, সদরঘাটে নেমে নগরের বিভিন্ন এলাকায় যাওয়ার ক্ষেত্রে যানবাহনের সমস্যায় পড়েছেন।