ঢাকায় ফিরেই যানবাহনসংকটে দক্ষিণের যাত্রীরা
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নদীপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণাঞ্চলের লোকজন। এদিকে সদরঘাট এলাকায় যানবাহনসংকটের কারণে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেই দুর্ভোগে পড়েন অনেকে।
ঢাকা নদীবন্দর সূত্র জানায়, গতকাল ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দরে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ এসেছে ৭৬টি। তবে লঞ্চগুলোতে যাত্রীর চাপ ছিল কম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবদিন প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীর চাপ এখনো কম। মঙ্গলবার (গতকাল) ২২টি জেলা থেকে দুই লাখের মতো লোক রাজধানীতে ফিরেছেন।
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী বলেন, নদীপথের যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ তৎপর।
এদিকে সদরঘাট টার্মিনাল এলাকায় যানবাহনসংকটের কারণে ঢাকায় ফিরেই দুর্ভোগে পড়তে হয় লঞ্চযাত্রীদের। যানবাহন না পেয়ে অনেকে মালামাল নিয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বরিশাল থেকে আসা সুন্দরবন-৮ লঞ্চের যাত্রী মো. কামরুজ্জামান বলেন, ভোর পাঁচটার দিকে তিনি সদরঘাট টার্মিনালে আসেন। তাঁর বাসা মিরপুরে। সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁর কাছে ভাড়া চেয়েছেন ৭০০ টাকা। তিনি ৫০০ টাকা দিতে চাইলেও চালক যেতে রাজি হননি। অথচ ঈদের দুই দিন আগে তিনি সদরঘাটে এসেছেন ৪০০ টাকা ভাড়া দিয়ে।
ভান্ডারিয়া থেকে আসা যাত্রী সেলিনা আক্তার বলেন, তিনি সকাল সাতটার দিকে টার্মিনালে এসেছেন। তিনি যাবেন নতুনবাজার। কিন্তু যানবাহন পাচ্ছেন না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে হেঁটে বাসস্ট্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।
চাঁদপুর থেকে থেকে আসা সোনারতরী-২ লঞ্চের যাত্রী আবদুল আহাদ বলেন, বেলা ১১টায় সদরঘাটে এসে তিনি অটোরিকশা পাননি। তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে রিকশাযোগে গুলিস্তান যাচ্ছেন। সেখান থেকে বাসে করে উত্তরা যাবেন। তিনি বলেন, ঈদের সময় দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে সদরঘাটে বিআরটিসির বাসের ব্যবস্থা করা দরকার।