চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার সময় সংঘটিত সহিংসতার কারণ উদ্ঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি চট্টগ্রামে তিন দিনের তদন্তকাজ শেষে ঢাকায় ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার শেষদিনে কমিটির সদস্য বিচারক মো. জহুরুল হক চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ফয়েজ আহমদ এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সাক্ষ্য নেন।গতকাল সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক সার্কিট হাউসে গিয়ে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দেন। এর পর ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এসব সাক্ষী স্বপ্রণোদিত হয়ে সাক্ষ্য দিতে গেছেন বলে জানা গেছে।এর আগে গত সোমবার তদন্ত কমিটি চট্টগ্রাম আসেন। পরদিন মঙ্গলবার থেকে তদন্তকাজ শুরু করেন। প্রথম দিন সিটি মেয়র এম মনজুর আলম ও অন্যদের সাক্ষ্য গ্রহণ করেন। এর পরদিন মঙ্গলবার কমিটির সামনে সাক্ষ্য দেন ওই নির্বাচনে পরাজিত আওয়াম লীগসমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী।