ঢাকায় ফেরার পথেও নানা দুর্ভোগ মানুষের
ঈদ উদ্যাপনে ঘরে ফেরা মানুষ আবার রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে। রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়।বাড়ি যাওয়ার মতো রাজধানীতে ফিরে আসার ক্ষেত্রেও নানা দুর্ভোগ পোহানোর কথা জানিয়েছেন অনেকে। নগরে প্রবেশদ্বারগুলোতে কম-বেশি যানজট, নগরে চলাচলকারী বাস ও অন্য যানবাহনের অপ্রতুলতা, অতিরিক্ত ভাড়া আদায়, ট্রেনের বিলম্বে পৌঁছানো ইত্যাদি কারণে তাঁদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়।জানা যায়, গতকাল নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর কমলাপুর স্টেশনে পৌঁছায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস। সকাল সাতটা ৩৫ মিনিটের স্থলে বেলা সাড়ে ১১টায় ট্রেনটি পৌঁছায়। ওই ট্রেন থেকে নামার পর বেশির ভাগ যাত্রীর চোখে-মুখে ছিল বিরক্তির ছাপ। তাঁদের একজন বিলকিস আরা জানান, সারা রাত জাগার পর চার ঘণ্টা দেরিতে পৌঁছানোর দুর্ভোগ ছাড়া আরও কষ্ট পোহাতে হয়েছে অনেক যাত্রীকে। অনেক কষ্টে টিকিট সংগ্রহ করতে হয়েছে। দাঁড়ানো যাত্রীদের কারণে পুরো যাত্রাপথে একটুও স্বস্তি পাওয়া যায়নি। দাঁড়িয়ে আসা যাত্রীদের বেশির ভাগই ছিল বিনা টিকিটের।নাটোর থেকে আসা আবদুল গফুর জানান, আসার ঝক্কির কথা চিন্তা করে স্ত্রী ও সন্তানদের রেখে তিনি একাই ফিরেছেন। ঈদের ভিড় কমলে তাদের ঢাকায় নিয়ে আসবেন।স্টেশনমাস্টার এ সাহা জানান, চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা, সুবর্ণসহ বেশ কয়েকটি ট্রেন সময়মতোই ঢাকায় এসেছে। তবে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলোর কিছু দেরি হচ্ছে।সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ফিরতি মানুষের ভিড়। কেউ ফিরেছেন পরিবারসহ, কেউ বা ঝক্কির কথা ভেবে একা। এমভি সৈকতে ঢাকায় ফেরা রহমত উল্লাহ জানান, বেলা ১১টা নাগাদ তিনি সদরঘাটে পৌঁছান। বাড়ি যাওয়ার মতো ঢাকায় ফেরার সময়ও নানা বিড়ম্বনা আর আতঙ্কে সময় পার করতে হয়েছে তাঁর মতো অনেক যাত্রীকে। আবদুস সাত্তার নামের আরেক যাত্রী জানান, বাড়ি যাওয়ার দিন সকাল আটটার দিকে সদরঘাট গেলেও লঞ্চে জায়গা পেয়েছিলেন বিকেল পাঁচটায়। পথে পথে যাত্রী তোলা হয় লঞ্চে। বরিশালে লঞ্চ পৌঁছায়ও দেরিতে। ফেরার পথেও লঞ্চে জায়গা পেতে কষ্ট হয়েছে। ভিড়ের কারণে ঠিকমতো বসতেও পারেননি।প্রায় একই রকম অভিজ্ঞতা এমভি দ্বীপরাজের যাত্রী বরকতউল্লাহ ও সুরভির যাত্রী বজলুর রহমানের। ঢাকা-বরিশাল রুটের বিশাল লঞ্চ এমভি সুন্দরবন থেকে নেমে যাত্রার দুর্ভোগের কথা বলার সময় চোখ ছলছল করছিল ব্যাংকের কর্মচারী আনসার উদ্দিনের। তিনি বলেন, ‘৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সদরঘাটে পরিবার-পরিজন নিয়ে ছুটে গিয়েছিলাম এমভি সুরভিতে একটু জায়গা পাওয়ার আশায়। হুড়োহুড়িতে আমার আট বছরের ছেলে রোহিত আঘাত পায়। তার পরও জায়গা পাইনি। আসার সময় তাই একাই এসেছি।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, এবার পর্যাপ্ত সংখ্যক লঞ্চ ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল যাত্রী। যাত্রীদের মানা করা সত্ত্বেও তারা ছাদে ওঠে।সড়কপথের যাত্রীরাও যাওয়া-আসার পথে কম-বেশি তাঁদের কষ্টের কথা বলেছেন। ঢাকা থেকে যাঁরা বাসে মাওয়া হয়ে খুলনা, গোপালগঞ্জসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গেছেন, তাঁরা ফেরিঘাটে যানজটের কারণে ভোগান্তির শিকার হয়েছেন। ফেরার সময় এতটা না হলেও ফেরিঘাটে আবার দুর্ভোগ সহ্য করতে হয়েছে।অন্যান্য অঞ্চল থেকে ফেরা লোকজন পথে যানজটে তেমন পড়েনি। তবে কুমিল্লা, বৃহত্তর সিলেট, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, কিশোরগঞ্জ, নরসিংদীসহ আশপাশের জেলা থেকে আসা লোকজন যানজটে পড়ে ঢাকায় প্রবেশের মুখে যাত্রাবাড়ীতে। ঢাকা ফাঁকা থাকলেও যাত্রাবাড়ী মোড় থেকে সায়েদাবাদের জনপথ মোড় পর্যন্ত যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।