ঢাকায় ফেরার পর মানুষের দুর্ভোগ
রাজধানীতে কর্মরত দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ঈদ উদ্যাপন শেষে ফিরে আসার পর গন্তব্যে পৌঁছাতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। গত রোববার থেকে তাঁরা ঢাকায় ফিরতে শুরু করেন। প্রথম দিন পরিস্থিতি সহনীয় থাকলেও গতকাল সোমবার অধিকাংশ যাত্রী হয়রানির শিকার হন।
লঞ্চের ভাড়া বেশি নেওয়া, টার্মিনালে কুলিদের উৎপাত এবং সর্বশেষ সদরঘাট টার্মিনাল থেকে গন্তব্যে যেতে যানবাহন-সংকট যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয়।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটা থেকে দুপুর পর্যন্ত¦দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে লঞ্চ এসেছে ৭২টি। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা সব লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চ-যাত্রীদের ভিড় সকাল থেকেই বাড়তে থাকে। কুলিরাও হয়ে ওঠে বেপরোয়া। তাঁরা ব্যাগ নিয়ে টানাটানি করে যাত্রীদের হেনস্তা করতে থাকে। টার্মিনাল থেকে বেরিয়ে যাত্রীদের পড়তে হয় সবচেয়ে বড় দুর্ভোগের মধ্যে। অপেক্ষমাণ যানবাহনগুলোর চালকেরা অযথাই বেশি ভাড়া হাঁকেন যাত্রীদের কাছে।
এমভি বাগেরহাট লঞ্চের যাত্রী মিরাজ হোসেন জানান, ‘পটুয়াখালী থেকে আসার পথে লঞ্চের ডাবল কেবিনের ভাড়া চেয়েছিল তিন হাজার টাকা। পরে মাস্টার কেবিনে আড়াই হাজার টাকায় রফা করে ঢাকায় এসেছি।’
ভোলা থেকে আসা এমভি লালী লঞ্চের যাত্রী মো. হারুন বলেন, ‘সকাল ছয়টার দিকে টার্মিনালে এসেছি। দুই ঘণ্টা ধরে সিএনজি অটোরিকশার জন্য বসে আছি। মিরপুর যাব সিএনজির ভাড়া চাচ্ছে ৮০০ টাকা। অথচ গত সপ্তাহে টার্মিনালে আসতে ভাড়া দিয়েছি ৩৫০ টাকা।’ তিনি বলেন, অন্তত ঈদের সময় সরকার বিআরটিসি বাসের ব্যবস্থা করলে একদিকে যাত্রীরা যানবাহন-সংকটে পড়ত না, অন্যদিকে ভাড়াও কম লাগত।
মুলাদী থেকে আসা শরীফ মিয়া বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে সদরঘাট টার্মিনালে এসেছি। ডেমরা যাব। সিএনজি অটোরিকশা ভাড়া চাচ্ছে ৭০০ টাকা। ৬০০ টাকার কমে যাবে না। নিরুপায় হয়ে পরিবার-পরিজন ও মালামাল নিয়ে রিকশায় সায়েদাবাদ যাচ্ছি। সেখান থেকে কোনোভাবে বাসে চলে যাব।’ তিনি আক্ষেপ করে বলেন, এভাবে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা অন্যায়।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, ঈদে ফেরা লঞ্চ যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন।
সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম বলেন, যাত্রীদের নিরাপত্তা দিতে এবং হয়রানি বন্ধে পুলিশ কাজ করছে।