ঢাকায় ফ্ল্যাট-ফ্লাইওভার নির্মাণ করবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে ১২ হাজার ফ্ল্যাটের বহুতল ভবন, শান্তিনগর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত ১৩ কিলোমিটার ফ্লাইওভার এবং কামরাঙ্গীর চরে ফ্ল্যাট নির্মাণের বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। খবর বাসসের।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও মন্ত্রীর মর্যাদাসম্পন্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি উটামা এস সামি ভেল্লু নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। আজ মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, উত্তরা আবাসিক এলাকার তৃতীয় পর্যায়ে ১৮ নম্বর সেক্টরে মোট ১৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ‘বি’ ও ‘সি’ ব্লকে ১২ হাজার ফ্ল্যাট মালয়েশিয়া সরকার তৈরি করবে। এ ছাড়াও শান্তিনগর থেকে বুড়িগঙ্গা নদীর অপর পারের ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, কামরাঙ্গীর চরের বাসিন্দাদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এখানে বহুতল ভবন নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদের দেওয়া হবে। দুই দেশের সরকারের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এসব স্থাপনা নির্মাণ করা হবে। তিনি বলেন, কাজের গুণগত মানের ওপর ভিত্তি করে পরবর্তী সময় আরও স্থাপনা নির্মাণের দায়িত্ব তাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, চুক্তি সম্পাদনের পর কাজ শেষ করতে তাদের ৩০ মাস সময় লাগবে। এ সমঝোতা স্মারক স্বাক্ষর করায় তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জয়নুল আবেদীন ভূঁইয়া, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, প্রধান স্থপতি আহসানুল হক খান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য সানোয়ার আলী ও রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।