ঢাকায় বসবাস করছে দেশের ১২ শতাংশ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দেশের মোট আয়তনের ১ শতাংশ। কিন্তু বর্তমানে মোট জনসংখ্যার ১২ শতাংশ মানুষ এখানে বসবাস করছে। ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়: ঢাকা মহানগরের উপর প্রভাব’ বিষয়ক কর্মশালায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামের মানুষের ঢাকায় এই অভিগমন হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল শনিবার ভূগোল ও পরিবেশ বিভাগ এই কর্মশালার আয়োজন করে। বিভাগের গবেষণা ল্যাব আরবান স্টুডিওর পরিচালনায় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে ঢাকা মহানগরের উপর প্রভাব এবং বাস্তুচ্যুত মানুষের ঢাকায় অভিগমন ও জীবনধারণ বিষয়ক গবেষণা’ প্রকল্পের প্রথম কর্মশালা ছিল এটি।
কর্মশালার উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অর্থ বরাদ্দের সময় দেশের সব অঞ্চলের মানুষের কথা বিবেচনায় আনা হয় না। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধার খোঁজে গ্রামের মানুষেরা ঢাকামুখী হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।
সম্মানিত অতিথির ভাষণে নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সরকার ও নীতিনির্ধারকেরা ঢাকা নিয়ে বেশি চিন্তা করেন না। ঢাকা নিজের মতো চলছে। এ পরিস্থিতিতে এই গবেষণা তাই অবশ্যই ইতিবাচক।
কর্মশালার স্বাগত ভাষণে প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের ৫৫ শতাংশই ঢাকায় চলে আসে। জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪০ শতাংশ আসে ঢাকা থেকে। তাই দেশের উন্নয়নের স্বার্থে এই শহর ঝুঁকিমুক্ত রাখার দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ, আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জ্ঞান রঞ্জন শীল।
এই গবেষণা প্রকল্পটির বাস্তবায়নকাল হচ্ছে জুলাই ২০১৫ থেকে জুন ২০১৭। গবেষণা এলাকা হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১৫৬০ বর্গকিলোমিটার এলাকাকে নির্বাচন করা হয়েছে। গবেষণাটির কর্মপদ্ধতির রূপরেখা ও কাজের অগ্রগতি নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন গবেষণা দলের সদস্য মাকসুদুর রহমান, এ কিউ এম মাহবুব প্রমুখ। আলোচনা ও উপস্থাপনা শেষে কর্মশালায় উপস্থিত শিক্ষক-গবেষকেরা মুক্ত আলোচনায় অংশ নেন।