ঢাকায় বস্তিবাসীর জন্য পানি ও পয়োনিষ্কাশন বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বস্তিবাসীদের জন্য পানি, পয়োনিষ্কাশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশাল একটি সমস্যা। এ জন্য বস্তিবাসীরা উচ্চ ও মধ্যবিত্ত লোকজনের চেয়ে অনেক বেশি খরচ করেন।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্কের (আইটিএন-বুয়েট) যৌথ সমীক্ষা শেষে গতকাল বুয়েটে এই প্রতিবেদন তুলে ধরা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২৪, ৩৫ ও ১৫ নম্বর ওয়ার্ডের চারটি বস্তিতে এই জরিপ চালানো হয়।
সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বস্তিতে পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা-সুবিধা সংকটে। তবে এ বছরের মধ্যেই ঢাকা ওয়াসা সব বস্তিকে বৈধ নেটওয়ার্কে নিয়ে আসবে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বস্তিবাসীদের ৬৩ দশমিক ৭৫ শতাংশই ওয়াসার বৈধ লাইন থেকে পানি সংগ্রহ করেন। ৩১ দশমিক ২৫ শতাংশ অবৈধ পাইপ থেকে পানি সংগ্রহ করেন। তবে সবাইকে পানির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। একেকটি কলসি পূর্ণ করতে তাঁদের গড়ে দেড় ঘণ্টা সময় ব্যয় হয়। প্রতিবেদনে আরও বলা হয়, বস্তির মাত্র ৪ শতাংশ লোক পাকা শৌচাগার ব্যবহার করেন।