ঢাকায় বস্তিবাসীর সঙ্গে সংঘর্ষে ৫ আনসার সদস্য আহত
রাজধানী ঢাকায় মহাখালীতে বিটিসিএল কড়াইল কলোনিতে আজ সোমবার সকালে বস্তীবাসীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন আনসার সদস্য আহত হয়েছেন। সকাল নয়টার দিকে রাস্তার ওপরে অবৈধভাবে নির্মিত বস্তিঘর ও দোকানপাট সরাতে গেলে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন সাইফুল ইসলাম, শিমুল চন্দ, আজিজুর রহমান, ফিরোজ আহমেদ ও শহিদুল ইসলাম। তাঁদের মধ্যে শহিদুলের আঘাত গুরুতর। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কড়াইল টিঅ্যান্ডটি কলোনির আনসারের প্লাটুন কমান্ডার আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, বনানী থেকে গুলশানে যাওয়ার পথে বিটিসিএল কড়াইল কলোনির সড়কে অনেক দিন ধরে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট বানিয়ে কিছু লোক ব্যবসা করে আসছে। সড়কটি বিটিসিএলের নিজস্ব সম্পত্তি। এসব ঘরবাড়ির কারণে রাস্তাটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অনেকবার বস্তিবাসীকে ঘরগুলো সরিয়ে নিতে বলা হলেও তারা সরায়নি। তাই আজ সকালে আনসার বাহিনীর সদস্যরা ঘরগুলো সরাতে গেলে দুই-আড়াই শ লোক হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আনসারের পাঁচ সদস্য আহত হন। তাঁদের মধ্যে শিমুলের অবস্থা গুরুতর।
আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ইন্ধনদাতা হিসেবে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নামসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে।
বস্তির কয়েকজন এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, হঠাত্ করে আনসার সদস্যরা তাঁদের ঘরবাড়ি উচ্ছেদের অভিযানে নামেন এবং তাঁদের আক্রমণ করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।