ঢাকায় বাবার হাতে ছেলে খুন
ঢাকার রামপুরা থানার বাগিচারটেক এলাকায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহাম্মাদ আলম (২০)। তিনি সপরিবারে বাগিচারটেকের একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত রাতে ওই বাসায় আলম ও তাঁর স্ত্রী নাদিয়া বেগম ঘুমিয়ে ছিলেন। ভোররাত চারটার দিকে পাশের কক্ষে থাকা তাঁর বাবা দুলাল মিয়া রড দিয়ে আলমকে পেটাতে থাকেন। রডের আঘাতে তাঁর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। আলমের স্ত্রী চিত্কার করতে থাকলে দুলাল মিয়া পালিয়ে যান। ভোর পাঁচটার দিকে আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলমের স্ত্রী নাদিয়া বেগম সাংবাদিকদের বলেন, আট মাস আগে আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ বিয়ে আলমের বাবা মেনে নিতে পারেননি। বাগিচারটেকের ওই বাসায় ওঠার পর আলমের বাবা অন্যত্র থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই বাসায় আসেন এবং থেকে যান। আজ ভোররাতে হঠাত্ আলমের চিত্কার শুনে তিনি জেগে ওঠেন। তখন রড দিয়ে আলমকে পেটাতে দেখেন। এ সময় তিনি (আলমের স্ত্রী) চিত্কার দিতে থাকলে তাঁর শ্বশুর পালিয়ে যান।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাবার অমতে বিয়ে করার কারণেই আলমের ওপর ক্ষিপ্ত ছিলেন তাঁর বাবা দুলাল মিয়া। এরই জের ধরে আলমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পেশায় সিএনজি অটোরিকশার চালক দুলাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।