ঢাকায় বাসের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর মিরপুর ১০ নম্বরে গোলচক্করের কাছে ফায়ারসার্ভিস সংলগ্ন সড়কে বিআরটিসির বাসের ধাক্কায় চালকের সহকারী এক শিশু (১২) নিহত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আজ সকাল সাড়ে নয়টার দিকে বিআরটিসির বাসটি হঠাৎ করে সবেগে চালালে সহকারী ধাক্কা খেয়ে পড়ে আহত হয়। তাকে প্রথমে মিরপুর আজমল হাসপাতালে নেওয়া হয়। মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) বেনজীর আহমেদ এক কনস্টেবলকে দিয়ে শিশুটিকে হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাড়ে ১১টার দিকে চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের অপেক্ষায়্ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে লাশ আছে। হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।