ঢাকায় বিজিবি ও বিএসএফের সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চার দিনের সম্মেলন গতকাল বুধবার ঢাকায় শুরু হয়েছে। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ সম্মেলন শুরু হয়।সম্মেলনে বিজিবির ২৫ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। অপরদিকে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বিএসএফের মহাপরিচালক ইউ কে বানসাল।ইউ কে বানসালের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিদলটি সকাল নয়টার দিকে পিলখানায় পৌঁছায়। বিএসএফের মহাপরিচালক পিলখানায় স্মৃতিসৌধ সীমান্ত গৌরব-এ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সকাল ১০টার দিকে বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে দুই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়।বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, সম্মেলনের আলোচ্যসূচিতে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা, আহত করা, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিকদের অপহরণের প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া সীমান্তের অন্য প্রান্ত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ও মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামতকাজ বাধাহীনভাবে শেষ করা, দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।