ঢাকায় বিনা মূল্যে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দেওয়া বিনা মূল্যের বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব (সিএফএল) আজ শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। স্থানীয় সাংসদেরা নিজ নিজ এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসিএল) ব্যবস্থাপক (জনসংযোগ) নূর কামরুন নাহার গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, ঢাকায় তাঁদের আওতাধীন ১৮৫টি স্থানে আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে বিনা মূল্যে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ করা হবে। যেসব গ্রাহক আগে নিবন্ধন করেছিলেন, তাঁদের গড়ে তিনটি করে এই বাল্ব দেওয়া হবে। আর যাঁরা নিবন্ধন করতে পারেননি, তাঁরা আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে কেন্দ্রগুলোতে হাজির হলে বাল্ব দেওয়া হবে।গতকাল ডিপিডিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ উচ্চবিদ্যালয় ও ১০টার দিকে একই এলাকার ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বেলা ১১টার দিকে শ্যামলীর রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে কার্যক্রম উদ্বোধন করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সাংসদ ফজলে নূর তাপস তাঁর নির্বাচনী এলাকার চারটি স্থানে বাল্ব বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে পরিবাগে, ৫৪/১ নর্থ সার্কুলার রোডের মেহেরুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে, দেড়টার দিকে ধানমন্ডির ১৭৯, সাত মসজিদ রোডের কাকলী উচ্চবিদ্যালয়ে, আড়াইটার দিকে জিগাতলার মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সাড়ে তিনটার দিকে আজিমপুরের ৬১ নীলাম্বর সাহা রোডের সালেহা উচ্চবিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন।সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন সকাল নয়টার দিকে লালবাগের ২৭ খাজা দেওয়ান দ্বিতীয় লেনে সিরাজউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সাড়ে নয়টার দিকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাল্ব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সাংসদ আসাদুজ্জামান খান সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়ায় হোসেন আলী উচ্চবিদ্যালয়ে এবং সাংসদ এ কে এম রহমতউল্লা সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে বনশ্রীর মেইন রোডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায় বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।