ঢাকায় বিনিয়োগ শীর্ষ সম্মেলন উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির নতুন মুখ এখনো বিশ্বের অনেকের কাছেই অজানা। বিনিয়োগ প্রচার কর্মসূচি তাদের অর্থনীতি ও বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় ২ হাজার ৫৭৪ জন ইতিমধ্যেই আন্তর্জাতিক বিনিয়োগ সামিট ২০২১-এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে কমপক্ষে ৪৬৫ জন বিদেশি। তাঁরা তাঁদের দেশ বা আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করছেন।
সিরাজুল ইসলাম বলেন, অংশগ্রহণকারীরা মহামারির কারণে শারীরিক বা ভার্চ্যুয়াল—উভয়ভাবেই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।
‘বাংলাদেশ: ডিসকভার লিমিটলেস অপারচুনিটিজ’ শীর্ষক একটি ট্যাগলাইনসহ শীর্ষ সম্মেলনে ১৪টি পৃথক সেশন থাকবে, যার মধ্যে থাকবে নীল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, ওষুধ, পরিবহন, লজিস্টিকস, পুঁজিবাজার, শক্তি, জ্বালানি, আর্থিক পরিষেবা, কৃষি ব্যবসা, চামড়া, চামড়াজাত পণ্য, পোশাক ও ইলেকট্রনিকস উৎপাদন।
দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ প্রতিযোগিতা, ব্যবসায়িক পরিবেশের উন্নতি, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধাসহ বাংলাদেশের অর্থনীতির দুর্দান্ত উত্থানের গল্পের পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে এই শীর্ষ সম্মেলন।