ঢাকায় বুয়েট মিলনায়তনে 'তারুণ্যের জয়োৎসব' সোমবার

‘তারুণ্যের জয়োৎসবে’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে আগামীকাল সোমবার বিকেল পাঁচটায় শুরু হবে বুয়েট পর্ব। ‘পথ ঘোরাও নিজের পথে’—এই স্লোগানকে সামনে রেখে ক্রাউন সিমেন্ট এবং প্রথম আলো যৌথভাবে সারা দেশে আয়োজন করছে ‘তারুণ্যের জয়োৎসব’। থাকছে ক্যারিয়ার কাউন্সেলিং, সফলদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ, নলেজ কমপিটিশন, লিডারশিপ, ফটোগ্রাফি, ডিজিটাল মার্কেটিংসহ নানা বিষয়ে মুক্ত আলোচনা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন, কিংবা সবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাড়ি দিয়েছেন, এখনো কর্মজীবনে প্রবেশ করেননি, সবাই অংশ নিতে পারবেন এই অনুষ্ঠানে।
এই আয়োজনের মাধ্যমে তরুণদের জানানো হবে, পৃথিবীর ৭৫০ কোটি মানুষ নানা প্রান্তে তার নেতৃত্ব, উদ্ভাবন, দক্ষতা ও ভালোবাসার জন্য অপেক্ষা করছে।
বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে উপস্থিত থাকবেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা এ মজিদ চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, স্থপতি ইকবাল হাবিব, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, শিওর ক্যাশের সিইও শাহাদতউল্লাহ খান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম, রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাভেদ পারভেজ এবং ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ইসমাইল হোসেন।
জয়োৎসবের বুয়েট পর্বের আয়োজনে সহায়তা করছে বুয়েট ক্যারিয়ার ক্লাব।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনে অংশগ্রহণ করতে হলে গুগল ফরমটি https://goo.gl/A4vu6s পূরণ করতে হবে।