ঢাকায় বৃষ্টি কম কেন?

১ মে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল রাজধানী ঢাকায়। এরপর থেকে অনেকটাই বৃষ্টিহীন হয়ে আছে এই শহর।
গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪২টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রেই বৃষ্টির হিসাব পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে—৭১ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হলেও এর পরিমাণ উল্লেখ করেনি আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশের বৃষ্টিপাতের প্রভাব ঢাকা শহরের তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করছে। গত সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। বৃষ্টির প্রভাবে গতকাল তা নেমে আসে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাস থেকে জানা যায়, ঢাকার আশপাশের এলাকা টাঙ্গাইলে ৬, ফরিদপুরে ২৭, মাদারীপুরে ২৮, ময়মনসিংহে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৃদু তাপপ্রবাহের মধ্যে থাকা রাজশাহী ও খুলনা বিভাগে গতকাল কালবৈশাখীসহ বৃষ্টি অস্বস্তির মাত্রা কমিয়ে দিয়েছে। উপকূলীয় অঞ্চল বরিশালেও ছিল ঝড়-বৃষ্টি।
মার্চে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এপ্রিলে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৬ শতাংশ বেশি। এ কথা উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক। বৃষ্টিই এ সময়ের তাপমাত্রা কমিয়ে রেখেছে। একটা সিস্টেমের এদিক-সেদিক হাওয়ায় ঢাকাতে হয়তো বৃষ্টি কয়েক দিন ধরে কম হচ্ছে। তবে কয়েক দিন পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে জলাশয় না থাকা, গাছপালা কমে যাওয়া ও মাটি রুক্ষ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকায় বৃষ্টি কম হচ্ছে বলে মন্তব্য করেন আবহাওয়া বিশেষজ্ঞ ও আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকায় জলাশয় নেই বললেই চলে। নদী বলতে বুড়িগঙ্গা কিছুটা প্রবহমান। তুরাগ নদ সরু হয়ে গেছে। সুউচ্চ ভবন বানাতে গিয়ে গাছপালা কাটাতে কমে গেছে। এ সময় ঢাকা শহরের পানির স্তর অনেক নিচে নেমে যায়। তাই মাটিতেও এখন জলীয় বাষ্প কম থাকে। ঢাকায় বৃষ্টি কম হওয়ার এটিও একটি কারণ।