ঢাকায় বৃষ্টির পানিতে ১৫ ভাগ চাহিদা পূরণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পানির প্রতিদিনের চাহিদার বিপরীতে ৫০ কোটি লিটার ঘাটতি থাকে। এই চাহিদার ৮৭ শতাংশ পূরণ করা হয় ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে। ফলে এখানকার ভূগর্ভের পানির স্তর ৫০ মিটার নিচে নেমে গেছে। প্রতিবছর তা তিন মিটার করে নিচে নামছে। অথচ শুধু বৃষ্টির পানি ধরে ব্যবহার করতে পারলে চাহিদার ১৫ শতাংশ পূরণ সম্ভব।

বৃষ্টির পানি ধরে রাখাবিষয়ক তৃতীয় ঢাকা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। বক্তারা এ বিষয়ে যথেষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নেই উল্লেখ করে সরকারকে এ ক্ষেত্রে তৎপর হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের পানি বিশেষজ্ঞরা অংশ নেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক-আইটিএন, ভারতের পরিবেশবিষয়ক সংস্থা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) ও রেইন ফোরাম যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই জোহান ফ্রিসেল উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল প্রবন্ধ তুলে ধরেন সিএসই, ইন্ডিয়ার মহাপরিচালক সুনীতা নারায়ণ এবং স্বাগত বক্তব্য দেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম।

সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার বলেন, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির উৎস দূষিত হচ্ছে। এই পরিস্থিতে বৃষ্টির পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই জোহান ফ্রিসেল বলেন, ‘প্রতিদিন আমারা অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকি। পানির সমস্যা এগুলোর মধ্যে একটি, যা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। পানির সংকট এবং এটির সঠিক ব্যবস্থাপনার সমস্যা মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মূল প্রবন্ধে সুনীতা নারায়ণ গ্রামীণ অঞ্চলে কীভাবে কৃষিকাজে বৃষ্টির পানিকে ব্যবহার করা যায়, সে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতে আগে বৃষ্টির পানি থেকেই ভূগর্ভস্থ পানি রিচার্জ হতো। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে গেছে। তাই আমাদের বর্ষা মৌসুমে বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। গ্রামাঞ্চলে পুকুরে এবং শহরে বাড়ির ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।’

মো. খায়রুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে পানি ব্যবস্থাপনা নিয়ে যেসব সমস্যা রয়েছে, বৃষ্টির পানি ধরে রাখা তার একটি বাস্তবসম্মত, সাশ্রয়ী ও টেকসই সমাধান।’ সম্মেলনের কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফিরোজা আহমেদ ও বুয়েট পুরোকৌশল বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান। একটি অধিবেশনে সভাপতিত্ব করেন শেলটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ।