ঢাকায় বৈধতা পাওয়ার প্রক্রিয়ায় উবার
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে ঢাকায় উবারের ব্যবহার দ্রুত বাড়ছে, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, ঢাকায় স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর এই ট্যাক্সি পরিবহন সেবাকে বৈধতা দেওয়ার পথে এগোচ্ছে সরকার।
উবারের জন্য খসড়া রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা নাগরিক মতামতের জন্য ওয়েবসাইটে (www.rthd.gov.bd) দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই পর্যন্ত খসড়ার বিষয়ে মতামত দেওয়া যাবে। পরে এ নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করা হবে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উবারকে বেআইনি আখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করেছিল।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উবারের পূর্ব অঞ্চলের জননীতি (পাবলিক পলিসি) বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে মন্ত্রী বলেন, ‘প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক এবং বিআরটিএর পরিচালক (প্রশাসন ও ট্রান্সপোর্ট প্ল্যানিং) নাজমুল আহসান মজুমদারসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে সচিব এম এ এন ছিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শুধু উবার নয়, অন্যান্য মোবাইল অ্যাপনির্ভর যাত্রী পরিবহন সেবাও জনগণের জন্য উন্মুক্ত করার কথা ভাবা হচ্ছে। যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে, তাঁরা যদি কেউ বেসরকারিভাবে নিয়মের মধ্যে থেকে তা সেবায় নিয়োজিত করতে চান, তাহলে কীভাবে সেটি করবেন, তার জন্য নীতিমালা চূড়ান্ত করা হবে। এটি হলে ঢাকায় গাড়িসংখ্যা বাড়বে না কিন্তু অপ্রয়োজনে বসে থাকা গাড়ির মালিকেরা চাইলে তা ব্যবহার করে আয় করতে পারবেন।
বিশ্বের বড় শহরগুলোতে উবারের যাত্রা শুরু হয় ২০১০ সালে। উবার এখন চাইছে অল্প গাড়িতে বেশি মানুষ যাতায়াতের ব্যবস্থা করে শহরের যানজট ও দূষণ কমাতে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা চালুর পাশাপাশি যাত্রীর নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছে সরকার। সে জন্য সবকিছুকে একটা নীতিমালার আওতায় আনা হবে।
সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ‘নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীজনদেরও মতামত নেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়। সব ধরনের অ্যাপভিত্তিক সেবার বিষয়ে নীতিমালা করতে খসড়া রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ইতিমধ্যেই আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। খসড়া নিয়ে যে কেউ পরামর্শ দিতে পারবেন।’
গত ২২ নভেম্বর ঢাকা শহরে যাত্রা শুরু করেছিল বিশ্বের অন্যতম বড় অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার। ছয় মাসের পরিসংখ্যান পর্যালোচনা করে উবার কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকায় দ্রুত এই সেবা জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খুব বেশি ব্যবহৃত হয়।
উবার এমন একটি সেবা, যা ট্যাক্সিচালক ও যাত্রী উভয়ই ব্যবহার করতে পারেন। উবারের নিজস্ব কোনো ট্যাক্সিক্যাব নেই। অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ‘উবার’ ডাউনলোড করা যায়। এরপর ই-মেইল ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হয় চালক ও যাত্রীকে। তারপরই তাঁরা এর সেবা নিতে পারেন।
উবারে যখন কেউ গাড়ি ডাকেন, তখন চালক অনুরোধে সাড়া দেওয়ামাত্রই তাঁর নাম, ছবি, রেটিং, গাড়ির লাইন্সেস নম্বর যাত্রীর কাছে পৌঁছে যায়। চালকও যাত্রীর নাম ও রেটিং দেখতে পান। চালক ও যাত্রী একে অপরের সঙ্গে অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন।