দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা আর একের পর এক হরতালে ব্যবসায়ীরা একাধিকবার নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তাঁদের উদ্বেগ রাজনৈতিক দলগুলোকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারেনি।এ অবস্থায় বিবৃতি-বক্তৃতা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ীরা এবার কর্মসূচি নিয়ে মাঠে নামতে চান। আর কর্মসূচি ঠিক করতে সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ৬ এপ্রিল সকাল ১০টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার সাধারণ পরিষদের সদস্য চেম্বার ও সমিতিগুলোকে চিঠি দিয়েছে এফবিসিসিআই।যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘হরতাল ও রাজনৈতি অস্থিরতায় কর্মসূচি ঠিক করতে আমরা ৬ এপ্রিল ব্যবসায়ীদের সম্মেলনের আয়োজন করেছি। সব ব্যবসায়ীর মতামত নিয়েই কর্মসূচি ঠিক করা হবে। কারণ এই কর্মসূচি বাস্তবায়ন তাঁরাই করবেন।’এফবিসিসিআই জানিয়েছে, দেশের ৩৩০টি ব্যবসায়ী সমিতি ও ৯০টি চেম্বার এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য। চিঠিতে সদস্য চেম্বার ও সমিতির একজন করে প্রতিনিধিকে (মূলত সভাপতি) সম্মেলনে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।এফবিসিসিআইয়ের হিসাবে, এক দিনের হরতালে দেশে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়। শুধু তৈরি পোশাক খাতের ক্ষতি ৩৬০ কোটি টাকা। এক দিনের হরতালে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ১২ শতাংশ ক্ষতি হয়। আর ঢাকা চেম্বারের হিসাব অনুযায়ী, এক দিনের হরতালে দেশের এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়।বিরোধী দলের ডাকা একের পর এক হরতালে উদ্বিগ্ন এফবিসিসিআই একাধিক বৈঠক করেছে। এই সংঘাতময় পরিস্থিতিতে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে কার্যকর সংলাপ আয়োজন করা যায় কি না, সে নিয়েও আলোচনা হয়েছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে দুই দফা চিঠি দেওয়া হলেও তাতে কোনো সাড়া পায়নি ব্যবসায়ীদের এই সংগঠন।বিরোধী দলের কাছ থেকে সাড়া না পেয়ে সংলাপ নিয়ে আর এগোতে চাইছে না এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের একজন পরিচালক বলেন, ‘আমরা চাইলেই তো আর দুই দলের মধ্যে সংলাপ হবে না, দুই নেত্রীও একসঙ্গে বসবেন না। আমরা উদ্যোগ নিতে পারি। সে জন্য চেষ্টা করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না।’এফবিসিসিআইয়ের পরিচালকেরা ১৮ মার্চ গুলশানের একটি ক্লাবে নিজেরা আলোচনা করে ব্যবসায়ীদের মানববন্ধন, সাদা পতাকা মিছিল এবং সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করার মতো কর্মসূচি ঠিক করেন। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০ মার্চ জরুরি বোর্ড-সভা ডাকা হলেও তাতে কর্মসূচির সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়, সারা দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।