ঢাকায় ভারতীয় সেনা এলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা রক্ষার জন্য সে দেশের সেনা আনার সুযোগ দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। খালেদা জিয়া বলেন, ‘যদি ভারতীয় সেনারা এখানে আসে, তাহলে বাংলাদেশের সেনারা কী করবে? এটা কি এই বোঝায় না, সরকার আমাদের সেনাদের ওপর আস্থা হারিয়েছে?’ গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের হতাহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির এসব নেতা-কর্মী আওয়ামী লীগের কর্মীদের হামলায় হতাহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। খবর ইউএনবির। খালেদা জিয়া ঢাকা বিমানবন্দরের জন্য স্কাই মার্শাল সিকিউরিটির ব্যবস্থা করার প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এটা দেশে আরও বিপর্যয় ডেকে নিয়ে আসবে। দেশকে আফগানিস্তান ও ইরাকের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।